প্রিন্ট এর তারিখঃ Sep 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক আরও ৪১৫

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে দুই দফা অভিযান চালিয়ে ১৮ থানা থেকে ৮৭৮ জনকে আটক করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন বিভিন্ন স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, অভিযানে আটক ৪১৫ জনের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত জেলা পুলিশের এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট